সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :

যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। অসুস্থ মায়ের পাশে থাকতে বর্তমানে সেখানে পরিবারের অন্যান্য সদস্যর সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। পারিবারিক ব্যস্ততার পাশাপাশি যুক্তরাষ্ট্রে টুকটাক শুটিংয়েও অংশ নিচ্ছেন এই অভিনেত্রী। এরই মধ্যে জানা গেল তার নতুন সিনেমার খবর।

নতুন সিনেমাটির নাম ‘আ বিউটিফুল লাই’। থ্রিলারধর্মী রোড ট্রিপের গল্প নিয়ে নির্মিত হতে যাওয়া সিনেমাটির গল্প ও চিত্রনাট্য রচনা এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। যুক্তরাষ্ট্রে-ই সিনেমাটির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

তবে নতুন এই সিনেমার খবর আসার সময়ই সামনে এসেছে মৌসুমীর যুক্তরাষ্ট্রে করা আগের কাজ ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে তৈরি হওয়া বিতর্ক। হাসান জাহাঙ্গীরের নির্মাণে শুরুতে এটি এক ঘণ্টার নাটক বা ওয়েব কনটেন্ট হিসেবে নির্মাণের পরিকল্পনা ছিল। পরবর্তীতে সেটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তির উদ্যোগ নেওয়া হয়। এ নিয়েই তৈরি হয় নানা আলোচনা-সমালোচনা।

সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার সামনে এলো মৌসুমীর নতুন সিনেমার খবর। তবে নতুন এই প্রজেক্টের সঙ্গেও ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর একটি মিল রয়েছে। জানা গেছে, ‘আ বিউটিফুল লাই’-ও শুরুতে টেলিফিল্ম হিসেবে নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। পরবর্তীতে এটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমায় রূপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী চিত্রনাট্যও বড় করা হচ্ছে।

অবশ্য আগের কাজের বিতর্কের কারণে নতুন সিনেমাটিকে ঘিরে এরই মধ্যে নানা প্রশ্ন তৈরি হলেও, শেষ পর্যন্ত ‘আ বিউটিফুল লাই’ কেমন হয়, তা জানা যাবে সিনেমাটির প্রচার ও মুক্তির পর।

নতুন সিনেমা প্রসঙ্গে মৌসুমী জানিয়েছেন, এটি মূলত একটি থ্রিলারধর্মী রোড ট্রিপের গল্প। গল্পের ঘটনাপ্রবাহ একটি মিথ্যাকে কেন্দ্র করে এগিয়ে যাবে। শুরুতে টেলিফিল্ম হিসেবে ভাবা হলেও শেষ পর্যন্ত এটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে নির্মিত হচ্ছে। দর্শকদের জন্য উপভোগ্য একটি গল্প উপহার দিতে চান বলেও আশাবাদ ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।

অন্যদিকে, ব্যক্তিগত জীবনে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও অভিনয় থেকে পুরোপুরি দূরে নেই মৌসুমী। নতুন এই সিনেমার মধ্য দিয়ে ফের আলোচনায় একসময়ের জনপ্রিয় এই নায়িকা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102