ভারতীয় অভিনেত্রী ও রাজনীতিবিদ স্মৃতি ইরানি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এরপর ক্ষমতার মসনদ হারান কেন্দ্রের এই প্রাক্তন মন্ত্রী। এরপর তার জীবনে নতুন অধ্যায়ের সূচনা। রাজনীতি থেকে আবারো অভিনয়ে ফিরেন ৫০ বছর বয়েসি এই তারকা। তবে তার নিজ ভুবনে ফেরাটা সহজ ছিল না। এ অভিনেত্রী জানালেন—একসময় নিজেই ফোন করে কাজ খুঁজেছেন তিনি!
টাইমস নাউ-কে দেওয়া সাক্ষাৎকারে স্মৃতি ইরানি বলেন, “এই অভিজ্ঞতা অনেক দিক থেকেই মুক্তির ছিল। রাজনীতিতে যে স্মৃতি ইরানি এসেছিলেন, তার কিছু প্রমাণ করার ছিল। কিন্তু ২০২৪ সালে পরাজিত স্মৃতি ইরানির কিছু দেওয়ার ছিল। প্রশ্ন ছিল, কে আপনার অবদান গ্রহণ করতে চাইবে এবং আপনি কী দিতে পারবেন।”
রাজনৈতিক ক্ষমতা হারানোর পর বিনোদন জগতে কাজ চাওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেন স্মৃতি। তার কথায়—“আমি ফোন তুলে মিডিয়া এবং বিনোদন জগতে কাজের জন্য যোগাযোগ করেছিলাম। বলেছিলাম—‘আমার কোনো কাজ নেই, আমাকে কি কিছু কাজ দিতে পারেন?”
এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে জিওহটস্টারের ভাইস চেয়ারম্যান উদয় শঙ্করের কথাও উল্লেখ করেন স্মৃতি। তিনি জানান, একসময় উদয় শঙ্করের কারণেই কাজ হারিয়েছিলেন তিনি। অথচ সময়ের সঙ্গে সেই মানুষটিই আবার তার কর্মজীবনে ফেরার অন্যতম কারণ হয়ে ওঠেন। ফোন করার পর উদয় শঙ্করের প্রশ্ন ছিল—“আপনি কি নিশ্চিত? আপনি তো ক্যাবিনেট মন্ত্রী হিসেবে কাজ করেছেন। আপনি কি সত্যিই অভিনয়ে ফিরতে চান?”
উদয় শঙ্করের প্রশ্নের জবাবে স্মৃতি ইরানি স্পষ্ট করে বলেন, “আমার একটি কাজের প্রয়োজন। বিনোদন জগতে নিজেকে আবার নতুন করে পরিচয় করিয়ে দিতে কোনো ক্ষতি আছে বলে মনে করি না।”
রাজনৈতিক মঞ্চের পরিচিত মুখ স্মৃতি ইরানিকে ফের শুটিং সেটে দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। সেই প্রতিক্রিয়ার কথাও জানিয়েছেন। তবে অন্যের সেই বিস্ময়ই যেন তার কাছে হয়ে উঠেছিল আত্মবিশ্বাসের জায়গা। কারণ রাজনৈতিক পরাজয়ের পর তিনি যে আবার পুরোনো পেশায় ফিরে কাজ খুঁজবেন, তা কেউই ভাবেননি। আর সেই জায়গা থেকেই গোটা অভিজ্ঞতাকে ‘মুক্তি’-এর অনুভূতি বলে মনে করেন স্মৃতি।
এরপর তার বহু প্রতীক্ষিত টেলিভিশন প্রত্যাবর্তন নিয়ে কথা বলেন স্মৃতি ইরানি। ২০২৫ সালের জুলাইয়ে ‘কিঁউকি সাস ভি কাভি বহু থি’-এর দ্বিতীয় সিজনের হাত ধরে ছোটপর্দায় ফেরেন স্মৃতি ইরানি। বহু বছর পর আবারো তুলসী বিরানির চরিত্রে দেখা যায় তাকে। মিহির বিরানির ভূমিকায় ফিরেন অমর উপাধ্যায়।
স্টার প্লাসে সম্প্রচারিত, জিওহটস্টারে স্ট্রিম হওয়া ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকদের নজর কাড়ে। নির্মাতাদের দাবি, টেলিভিশন ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম মিলিয়ে প্রিমিয়ারের পর ১.৬ বিলিয়নেরও বেশি মিনিট ওয়াচটাইম পেয়েছে শোটি।
অভিনয়ে ফেরার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় স্মৃতি ইরানি। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। অর্থাৎ লোকসভা নির্বাচনের সেই পরাজয় তাকে থামিয়ে দিতে পারেনি। বরং রাজনীতি থেকে অভিনয় দুই ক্ষেত্রেই নিজের নতুন পরিচয় গড়ে নেওয়ার পথে এগিয়ে চলেছেন স্মৃতি।