সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দরের ৬ হাজার ৭৫০ শ্রমিক-কর্মচারী পেলেন ১৬ কোটি ৬৪ লাখ টাকার বোনাস

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

২০২৫ সালে রেকর্ড পরিমাণ কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম বন্দরের তালিকাভুক্ত ৬ হাজার ৭৫০ শ্রমিক-কর্মচারীকে বিশেষ উৎসাহ বোনাস দেওয়া হয়েছে। এ বাবদ মোট ১৬ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

প্রত্যেক শ্রমিক-কর্মচারী পেয়েছেন ২৫ হাজার টাকা করে। বন্দরের অপারেশনাল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং শ্রমিকদের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে বন্দর বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এ বিশেষ বোনাস দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্দরের শ্রম শাখায় তালিকাভুক্ত শ্রমিক-কর্মচারীদের বিশেষ বোনাস দেওয়া হয়েছে। এ বোনাসের অর্থ ‘চট্টগ্রাম বন্দর কনটেইনার, কার্গো হ্যান্ডলিং শ্রমিক ও কর্মচারী কল্যাণ তহবিল’ থেকে বহন করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বন্দরের বোর্ড রুমে বিশেষ বোনাসের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম মো. সারওয়ারুল ইসলাম, পরিচালক (প্রশাসন) মো. নাসির উদ্দীন, চিফ ওয়েলফেয়ার অফিসার, উপসচিব (সমন্বয়), ওয়েলফেয়ার অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বার্থ, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটরদের মালিক ও প্রতিনিধিদের হাতে বোনাসের চেক তুলে দেওয়া হয়।

বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্টরা জানান, বন্দরের কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং শ্রমিক-কর্মচারীদের কর্মস্পৃহা বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের বিশেষ উৎসাহ বোনাস দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102