ধর্মীয় উৎসবের আনন্দ পরিণত হলো বিষাদে। আতশবাজি প্রদর্শনের সময় ভয়াবহ বিস্ফোরণে মেক্সিকোতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৪ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে (স্থানীয় সময়) মেক্সিকোর মধ্যাঞ্চলের শহর তেমাসকালসিংগোর সান্তা মারিয়া কাঁচসদা এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
মেক্সিকো সিটি থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত তেমাসকালসিংগো। শহরটির ‘নুয়েস্ত্রা সেনোরা দে লা লুজ’ গির্জার কাছে চলছিল ধর্মীয় উৎসবের অংশ হিসেবে আতশবাজির প্রদর্শনী।
স্থানীয় বাসিন্দারা জানান, উৎসবের অংশ হিসেবে রাস্তায় ‘বার্নিং বুল’ নামে একটি আয়োজন করা হয়। এ জন্য খড় দিয়ে তৈরি করা হয়েছিল ষাঁড়ের আকৃতির কাঠামো। সেটির বিভিন্ন অংশে ও আশপাশে লাগানো ছিল আতশবাজি বা পাইরোটেকনিক উপাদান।
আতশবাজি দিয়ে সাজানো ওই ষাঁড় নিয়ে রাস্তায় মিছিল করছিলেন স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে গির্জার কাছে রাখা বিপুল পরিমাণ আতশবাজিতে। এরপরই ঘটে শক্তিশালী বিস্ফোরণ।
মেক্সিকোর অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মীয় উৎসবের অংশ হিসেবে আয়োজিত আতশবাজির প্রদর্শনী দেখতে সেখানে ভিড় করেছিলেন স্থানীয় বাসিন্দারা।
বিস্ফোরণের তীব্রতায় আশপাশের কয়েকটি বাড়ির দেয়ালও ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা পড়েন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।
স্থানীয় এক বিশপ জানিয়েছেন, আহতদের মধ্যে দুজন ধর্মযাজকও রয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর। কীভাবে আগুন ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে কীভাবে বড় ধরনের বিস্ফোরণ ঘটে, তা খতিয়ে দেখা হচ্ছে।
মেক্সিকোতে আতশবাজি সংক্রান্ত দুর্ঘটনা অবশ্য নতুন নয়। দেশটির বিভিন্ন উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানে রাস্তায় বিপুল পরিমাণ আতশবাজি ব্যবহার করা হয়।
প্রায় চার বছর আগে মেক্সিকোর মধ্যাঞ্চলের হিডালগো অঙ্গরাজ্যের হুয়েজুতলা এলাকায় একটি গ্রামে আতশবাজি থেকে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১৭ জন আহত হয়েছিলেন।