কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে গোসল করতে নেমে দুই কিশোর নিখোঁজ হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুই কিশোর হলো— শাহপরীরদ্বীপ উত্তরপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১২) এবং একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে আরজিন (১০)।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে দুই কিশোর জেটিঘাটসংলগ্ন নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও জেলেরা ঘটনাস্থলে গিয়ে নদীতে তাদের খোঁজ শুরু করেন। পরে কোস্ট গার্ডের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। কোস্ট গার্ডের সদস্যরা নাফ নদীর বিভিন্ন অংশে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালান। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।
এদিকে, তাদের নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সনজীব কান্তি নাথ বলেন, দুই কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধারে স্থানীয় লোকজন ও কোস্ট গার্ডের সদস্যরা নাফ নদীতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।