রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

বর্জ্যের বিনিময়ে মিলবে নিত্যপণ্য, ডিএসসিসি-বিদ্যানন্দের যৌথ উদ্যোগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বাড়ানো এবং বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচি চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর হাজারীবাগ বস্তি সংলগ্ন ৫৫ নম্বর ওয়ার্ডের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

উদ্বোধনের পর স্থানীয় বাসিন্দারা প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য জমা দিয়ে অস্থায়ী স্টল থেকে চাল, ডাল, তেল, লবণ, আলু ও টিস্যুসহ প্রয়োজনীয় নিত্যপণ্য সংগ্রহ করেন।

প্রশাসক আবদুস সালাম বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এই কর্মসূচি মানুষকে বর্জ্য নির্দিষ্ট স্থানে জমা দিতে উৎসাহিত করবে, ফলে জলাবদ্ধতা কমার পাশাপাশি পরিবেশও সুরক্ষিত হবে।

তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যে গুলিস্তানে একটি স্থায়ী ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ স্টল নির্মাণ করা হবে। এছাড়া আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে একটি করে স্থায়ী স্টল স্থাপনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে এসটিএস কেন্দ্রগুলোতে পথশিশুদের জন্য ‘বই পড়ার বিনিময়ে খাবার’ কর্মসূচিও চালু করা হবে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন বলেন, আমরা প্রান্তিক মানুষকে শুধু সহায়তা করছি না, তাদের পরিচ্ছন্নতার অংশীদারও করছি। গত দুই বছরে প্লাস্টিক বর্জ্য বিক্রি করে প্রায় ১ কোটি টাকা আয় হয়েছে, যা দিয়ে প্রায় ৪ লাখ মানুষের খাবারের ব্যবস্থা করা সম্ভব হয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, আগামী এক বছরে ১০০টি ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১ লাখ কেজি বর্জ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহবুবুর রহমান তালুকদার, বিদ্যানন্দের স্বেচ্ছাসেবক এবং সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102