রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

নদীপথে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্ত দিয়ে ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধায় তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিন্দী নদীর মধ্যবর্তী চর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) দায়িত্বপূর্ণ খুরমী বিওপির দক্ষিণ দিকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট এলাকায় পুশইনের চেষ্টা চালানো হয়। ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী বিএসএফ ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিডবোটে করে ওই ১০ থেকে ১২ জনকে বাংলাদেশের দিকে নিয়ে আসার চেষ্টা করেন।

বিষয়টি খুরমী বিওপির টহলদলের নজরে এলে বিজিবি সদস্যরা স্পিডবোট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ সময় বাংলাদেশে প্রবেশের চেষ্টা ঠেকাতে তারা অবস্থান নেন। বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করাতে পারেননি।

পরে সকাল আনুমানিক ১১টার দিকে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যান।

নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালা ও প্রচলিত দ্বিপক্ষীয় সমঝোতা লঙ্ঘন করে যেকোনো ধরনের পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102