রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

ঘরোয়া ক্রিকেটেও খেলার যোগ্যতা হারালেন রিজওয়ান-ইমাম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

এতটা বাজে সময় বোধহয় কস্মিনকালেও দেখেননি মোহাম্মদ রিজওয়ান ও ইমাম উল হক। ইংল্যান্ড থেকে সিরিজ শেষ না হতেই দেশে ফিরেছেন। সাইবার ক্রাইমের জিজ্ঞাসাবাদের মুখেও পড়েছেন। এবার জানা গেল, ঘরোয়া ক্রিকেটেও খেলতে পারবেন না তারা।

বাধ্যতামূলক ফিটনেস টেস্টের রিপোর্ট জমা দেননি এই দুই ক্রিকেটার। এ কারণে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার রিজওয়ান ও ওপেনার ইমাম ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতা হারিয়েছেন বলে জানা গেছে। সূত্রমতে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিদ্যমান নিয়ম অনুযায়ী এই দুই ক্রিকেটার প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এ অংশ নিতে পারবেন না।

প্রথম শ্রেণির ক্রিকেটে নির্বাচিত খেলোয়াড়দের ফিটনেস টেস্ট করিয়ে তার প্রতিবেদন জমা দেওয়া দলের জন্য বাধ্যতামূলক। তবে রিজওয়ান ও ইমাম তাদের নিজ নিজ বিভাগীয় দলের সঙ্গে ফিটনেস টেস্টে অংশ নেননি। তাই তাদের কর্তৃপক্ষের কাছে কোনো অফিশিয়াল রিপোর্ট নেই। এর ফলে বর্তমানে দুই খেলোয়াড়ই ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার জন্য অযোগ্য।

রিজওয়ান সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের সহ-অধিনায়ক। অধিনায়ক শান মাসুদের অনুপস্থিতিতে প্রথম রাউন্ডে তার দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া উদ্বোধনী ম্যাচে স্টেট ব্যাংকের মুখোমুখি হওয়ার সূচি রয়েছে এসএনজিপিএলের। অন্যদিকে ইমাম ওজিডিসিএলের অধিনায়ক। শুক্রবার যাদের পিটিভির বিপক্ষে ম্যাচ রয়েছে।পাকিস্তানের ইংল্যান্ড সফর থেকে এই দুই খেলোয়াড়কে ফেরত পাঠানো এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, এমন খবরের মধ্যেই এই ঘটনার কথা সামনে এলো। প্রয়োজনীয় ফিটনেস টেস্ট সংক্রান্ত শর্ত পূরণ না করা পর্যন্ত জাতীয় দলের এই দুই ক্রিকেটারকে আসন্ন ঘরোয়া ম্যাচগুলোতে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হতে পারে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102