বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

আ.লীগের সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

রাজধানীতে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের এডমিন শিশির মুন্নাকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী-বিভাগ ও যাত্রাবাড়ী থানা পুলিশ।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে শিশির মুন্না ও তার সহযোগীরা এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে মোট ১১ লাখ ২৭ হাজার টাকা গ্রহণ করে। পরবর্তীতে তারা ভুক্তভোগীকে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহ করে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টালবাহানা শুরু করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

একাধিক ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুন) রাত আনুমানিক আড়াইটার দিকে যাত্রাবাড়ী থানা পুলিশের সহায়তায় মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে শিশির মুন্নাকে গ্রেপ্তার করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশির মুন্না সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক এমপি অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের এডমিন হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি নির্বাচনি প্রচারণামূলক ভিডিও তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা পরিচালনা এবং বিভিন্ন প্রমোশনাল কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহের মাধ্যমে তিনি প্রতারণা করতেন। এ ছাড়া ব্যবসায়িক বিনিয়োগের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ডিবি সূত্রে আরও জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর শিশির মুন্না কাতারে চলে যান। পরে ২০২৫ সালের এপ্রিল মাসে দেশে ফিরে এসে পুনরায় প্রতারণামূলক কর্মকাণ্ড শুরু করেন। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি গ্রেপ্তারি পরোয়ানাও মুলতবি রয়েছে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102