রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় হাটের আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর হাটে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, হাটের খাজনা আদায়ের অর্থ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
আহতরা হলেন: সোনাপুর পশ্চিমপাড়া এলাকার ইয়াসিন মাস্টারের ছেলে মো. জিলাল বিশ্বাস, একই এলাকার মো. গফুর বিশ্বাসের ছেলে মো. শোভন বিশ্বাস, মো. আব্দুর রহিম, মো. জিন্নাহ ও মো. সেলিম।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, খাজনার টাকা ভাগাভাগি নিয়ে আব্দুর রহিম ও শোভনের মধ্যে তর্কাতর্কির সূত্রপাত হয়। পরে আব্দুর রহিমের সমর্থকদের সঙ্গে জিলাল বিশ্বাসের নেতৃত্বাধীন গ্রুপের লোকজনের সংঘর্ষ বাধে। প্রথম দফায় এক পক্ষের হামলায় কয়েকজন আহত হন। পরবর্তীতে পাল্টা হামলার ঘটনা ঘটে, এতে আরও কয়েকজন জখম হন।
আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রব তালুকদার জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।