নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তিনি এই পত্র পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচনে আপনার বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব নিশ্চিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে এই পত্র লিখছি। যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার নেতৃত্বে আমাদের পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত হবে এবং আমাদের অভিন্ন মূল্যবোধ ও সমৃদ্ধ ইতিহাসের ভিত্তিতে তা নতুন উচ্চতায় পৌঁছাবে।
চিঠিতে আরও বলা হয়েছে, আমাদের অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে এবং অভিন্ন অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি। বাংলাদেশের অন্যতম বৃহৎ বৈদেশিক বিনিয়োগকারী হিসেবে যুক্তরাজ্য আমাদের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী। অবৈধ অভিবাসন মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিরোধ এবং আমাদের দীর্ঘদিনের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে আরও ঘনিষ্ঠভাবে এক সঙ্গে কাজ করার সুযোগকে আমি স্বাগত জানাই। একই সঙ্গে, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে উদারতা প্রদর্শন করছে, সে ক্ষেত্রে যুক্তরাজ্য তার সমর্থন অব্যাহত রাখবে।
দুই দেশের অংশীদারিত্বের এই নতুন অধ্যায়ের দিকে তিনি আগ্রহের সঙ্গে তাকিয়ে আছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।