বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়। তিনি বলেন, আমরা এই দেশ ও দেশের নাগরিকদের ভালোবাসি। যদি কেউ জুলুমের শিকার হয়, তাহলে আমরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবো। সরকারি ও বিরোধীদল মিলেই যেন মানুষের অধিকার নিশ্চিত করা যায়—সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৫ সংসদীয় আসনের উদ্যোগে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা এতিমদের মধ্য থেকে মনিমুক্তা খুঁজে বের করতে চাই। তাদের এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে তারা দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, আমরা আশা করি সরকার সেই কাজই করবে।
সম্প্রতি এখন টিভির চার সাংবাদিকের চাকরি হারানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, এটি সাংবাদিকদের স্বাধীনতার ওপর নির্লজ্জ আঘাত। আমরা সরকারের কাছে আশা করি—সাংবাদিকদের চাকরিতে পুনর্বহাল করা হবে। অন্যথায় আমরা মনে করবো, সরকার একনায়কতন্ত্রের দিকে যাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।
সভাপতির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশের মানুষ ইসলামপ্রিয় ও কোরআনপ্রিয়। তারা কোরআনের চেতনায় বিশ্বাস করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, থানা আমির ও থানা সেক্রেটারিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে প্রায় এক হাজার এতিম শিক্ষার্থী অংশগ্রহণ করে।