ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হামলাকারীদের কঠোর সমালোচনা করেন তিনি। একই সঙ্গে বাঁধনের প্রতি সংহতি জানিয়ে সারজিস বলেন, দেশের মানুষের মুক্তির জন্য লড়াই করা একজন অভিনেত্রী হিসেবে তাকে নিয়ে গর্বিত বাংলাদেশ।
বাঁধনকে উদ্দেশ করে সারজিস লেখেন, হামলার সময়ও তিনি অভিযুক্ত ব্যক্তিদের ‘বাঙালি ভাই’ বলে সম্বোধন করেছেন। তবে সারজিসের দাবি, তারা বাঙালি ভাইয়ের পরিচয়ের চেয়ে খুনিদের পক্ষ নেওয়া এবং বিবেক বিসর্জন দেওয়া মানুষ হিসেবেই বেশি পরিচিত।
হামলাকারীদের প্রসঙ্গে তিনি আরও বলেন, তাদের বাহ্যিকভাবে মানুষের মতো দেহ থাকলেও মানবিকতা ও মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে। তাই তাদের কাছ থেকে ভালো আচরণ প্রত্যাশা না করার পরামর্শ দেন তিনি।
বাঁধনকে সাহস জোগাতে সারজিস বলেন, এ ঘটনায় যেন তিনি মানসিকভাবে ভেঙে না পড়েন। তার ভাষায়, পুরো বাংলাদেশ বাঁধনের পাশে রয়েছে এবং এই ঘটনার জন্য তার কষ্ট পাওয়ার কোনো কারণ নেই।
এর আগে ইতালির মেস্ট্রের একটি পার্কে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সময় হামলার শিকার হওয়ার অভিযোগ করেন আজমেরী হক বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তার ওপর হামলা চালিয়েছেন।
বাঁধনের ভাষ্য অনুযায়ী, তাকে শারীরিকভাবে হেনস্তা ও আঘাত করা হয়েছে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা কয়েকটি ভিডিও ক্লিপেও কয়েকজন ব্যক্তিকে তার সঙ্গে ধস্তাধস্তি ও হামলা করতে দেখা যায়। এ সময় তার মোবাইল ফোন ছুড়ে ফেলে দেওয়া হয় বলেও জানান তিনি। ঘটনার সময় তার ভাইয়ের শিশুসন্তানও সেখানে উপস্থিত ছিল।
অভিনেত্রীর অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করেন এবং সেই মুহূর্ত ভিডিও ধারণ করেন। পাশাপাশি তাকে বিভিন্নভাবে গালাগাল করা হয়। ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দিয়েও তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন বাঁধন।
ভিডিওবার্তায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, ভেনিস উৎসবে তিনি যে সিনেমা নিয়ে গেছেন, সেটির পরিচালক রুবাইয়াত হাসানের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। জুলাই আন্দোলনের পরও তিনি ওই পরিচালকের সঙ্গে কাজ করছেন উল্লেখ করে বাঁধন তাদের এমন আচরণ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।
নিজের ওপর হামলার কথা তুলে ধরে বাঁধন বলেন, তার গায়ে হাত তোলা হয়েছে এবং তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। তবে এসব ঘটনার মাধ্যমে তাকে দমিয়ে রাখা সম্ভব নয় বলেও দৃঢ়তা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বিশ্বের মানুষের সামনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তার বিষয়টি তুলে ধরেন।
এ ঘটনায় বিষয়টি সজীব ওয়াজেদ জয়ের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধও জানান বাঁধন। তিনি বলেন, সজীব ওয়াজেদ জয়ও বর্তমানে ভেনিসে অবস্থান করছেন এবং আশা করেন, তার কাছে ঘটনাটি জানানো হবে।
উল্লেখ্য, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে পরিবারের সঙ্গে ইতালির মেস্ট্রেতে অবস্থান করছেন আজমেরী হক বাঁধন। সিনেমাটিতে চারটি প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন।