মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের অর্ডার সিস্টেম ওয়েবভিত্তিক হচ্ছে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

বেমেয়াদি (ওপেন-এন্ড) মিউচুয়াল ফান্ডের ইউনিট ক্রয় ও রিডেম্পশন (পুনঃক্রয়) সহজ করতে ওয়েবভিত্তিক অর্ডার কালেকশন সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ লক্ষ্যে গতকাল সোমবার একটি কর্মশালার আয়োজন করেছে ডিএসই।

ডিএসইর প্ল্যাটফর্মের আওতায় ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট সৃষ্টি (ক্রয়) এবং বিক্রয় বা রিডেম্পশন (পুনঃক্রয়) কার্যক্রমের জন্য একটি সমন্বিত ও স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম চালুর উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. নাফিজ আল তারিক, সিএফএ। এ সময় উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহমুদুল হক, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার সাইয়িদ মাহমুদ জুবায়ের। এ ছাড়া বিএসইসির মিউচুয়াল ফান্ড, কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম (সিআইএস) ও সিকিউরিটাইজেশন বিভাগের কর্মকর্তারা এবং ডিএসইর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাফিজ আল তারিক ডিএসইর এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এই প্ল্যাটফর্ম দেশের মিউচুয়াল ফান্ড শিল্পকে এগিয়ে নিতে এবং বিনিয়োগকারীদের জন্য কার্যকর সুবিধা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম হবে। তিনি বিনিয়োগকারীদের প্রবেশাধিকার সম্প্রসারণ এবং মিউচুয়াল ফান্ড শিল্পকে শক্তিশালী করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগের গুরুত্ব তুলে ধরেনডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, বিনিয়োগকারীদের জন্য সমন্বিত সুবিধা নিশ্চিত করা এবং তাদের বিনিয়োগ পোর্টফোলিওতে বৈচিত্র্য আনার সুযোগ সৃষ্টি করে এক্সচেঞ্জকে আধুনিকায়নের একটি সুস্পষ্ট ভিশন রয়েছে। প্রস্তাবিত প্ল্যাটফর্ম মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকে আরও সহজ, সুবিধাজনক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।

কর্মশালায় প্রস্তাবিত ওয়েবভিত্তিক অর্ডার কালেকশন সিস্টেমের বিভিন্ন বৈশিষ্ট্য, কার্যক্রমের কাঠামো ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন ডিএসইর মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার সাইয়িদ মাহমুদ জুবায়ের।

ডিএসই জানিয়েছে, প্রস্তাবিত প্ল্যাটফর্ম চালু হলে বিনিয়োগকারীরা ডিএসইর ওয়েবভিত্তিক ব্যবস্থার আওতায় সহজে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট ক্রয় ও রিডেম্পশন করতে পারবেন। ডেস্কটপ ও মোবাইল-উভয় অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহারের উপযোগী করে প্ল্যাটফর্মটি তৈরি করা হবে।

প্রস্তাবিত ব্যবস্থায় ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট বিক্রয় ও রিডেম্পশন সংশ্লিষ্ট অ্যাসেট ম্যানেজার কর্তৃক ঘোষিত বা নির্ধারিত মূল্যে সম্পন্ন হবে। এ কার্যক্রম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী পরিচালিত হবে।

এ ব্যবস্থায় ডিএসইর প্রতিটি স্টক ব্রোকার সংশ্লিষ্ট অ্যাসেট ম্যানেজারের সেলিং বা ডিলিং এজেন্ট হিসেবে কাজ করবে। তারা প্ল্যাটফর্মের মাধ্যমে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট বিক্রয়, রিডেম্পশন বা পুনঃক্রয় কার্যক্রমে বিনিয়োগকারীদের সহযোগিতা করবে।

ডিএসইর প্রত্যাশা, এ উদ্যোগের ফলে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড শিল্পের বিকাশে বিনিয়োগকারীদের জন্য ইউনিট ক্রয় ও রিডেম্পশনের আরও সহজ, কার্যকর ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে উঠবে। একই সঙ্গে পুঁজিবাজারের অবকাঠামো আধুনিকায়ন এবং বিনিয়োগকারীদের জন্য বৈচিত্র্যময় আর্থিক পণ্য ও সেবা প্রবর্তনের বৃহত্তর লক্ষ্যের সঙ্গেও এ উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102