ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে থাকছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদে বিরোধী দলের জন্য নির্ধারিত বৈঠক কক্ষে আলোচনার পর এ সিদ্ধান্ত জানিয়েছেন ১১ দলীয় জোটের অংশীদার দলটির নির্বাচিত প্রতিনিধিরা।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন দুপুর ১২টা ৪২ মিনিটে দেওয়া একটি ফেসবুক পোস্টে লিখেছেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’ ও সংসদ সদস্য দুই পদেই শপথ গ্রহণ করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত প্রতিনিধিরা।
তিনি বলেন, একই সঙ্গে বিএনপি জনগণের রায় ও জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করায় আজ অনুষ্ঠিতব্য মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবেন না।
এর আগে আব্দুল্লাহ আল আমিন বলেন, জনগণ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তাদের ম্যান্ডেট দিয়েছে। এ কারণে তারা দুটি শপথই নিচ্ছেন। বিএনপি ক্ষমতামুখী দল হিসেবে শুধু সরকার গঠনের শপথ নিয়ে গণরায় উপেক্ষা করেছে বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত জানালে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা বৈঠকে বসেন।
পরে তারা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।