নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে ইতালি। একইসঙ্গে নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও (বিএনপি) শুভেচ্ছা জানিয়েছে দেশটি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এক অভিনন্দন বার্তায় বলা হয়, নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়া গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য ইতিবাচক দৃষ্টান্ত। এতে ভোটারদের অংশগ্রহণ এবং প্রশাসনিক ব্যবস্থাপনাকে প্রশংসনীয় বলে উল্লেখ করা হয়।
বার্তায় আরও বলা হয়, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, স্থিতিশীলতা বজায় রাখা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সব রাজনৈতিক শক্তির প্রতি গঠনমূলক ও দায়িত্বশীলভাবে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হচ্ছে।
পাশাপাশি ফলপ্রসূ সংলাপ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা নবায়নের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের (এএনএফআরইএল) চেয়ারপারসন রোহানা এন হেতিয়ারাচ্চি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ নিয়ে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছে এবং সার্বিকভাবে এটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন হয়েছে। তবে ভবিষ্যতে ভোট গণনার প্রক্রিয়া আরও স্বচ্ছ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি নির্বাচনি প্রচারের ব্যয়ের বিস্তারিত হিসাব জনসমক্ষে প্রকাশেরও পরামর্শ দেন।
এ সময় তিনি বলেন, তরুণ ও নারী ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি নিশ্চিত করা রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ দায়িত্ব।