এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কালো টাকার প্রভাব ঠেকাতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, একটি চক্র অর্থের প্রভাব খাটিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং দেশকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। তাদের অপকর্মের দায় দীর্ঘদিন ধরে তরুণ প্রজন্মকে বহন করতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে দেবিদ্বার থেকে ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যে হাসনাত বলেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি দাবি করেন, বিভিন্ন এলাকায় অর্থ বিতরণের চেষ্টা চলছে এবং তা প্রতিহত করতে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত প্রতিটি মোড়, কেন্দ্র, পাড়া ও মহল্লায় অবস্থান নেওয়ার জন্য সমর্থকদের প্রস্তুত থাকতে হবে। কোথাও কালো টাকার লেনদেনের তথ্য পাওয়া গেলে তা এনসিপির কন্ট্রোল রুম ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি। প্রয়োজনে নিজেও ঘটনাস্থলে যাবেন বলে উল্লেখ করেন।
হাসনাত আবদুল্লাহ বিশেষভাবে জাফরগঞ্জ, বরকামতা, সুলতানপুর, রাজামেহার ও ফাতেহাবাদ ইউনিয়নের কিছু এলাকায় অর্থ ছড়ানোর অভিযোগ তুলে বলেন, এসব এলাকায় সতর্ক নজরদারি বাড়ানো হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অবৈধ অর্থের ব্যবহার রোধ করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ভোট একটি পবিত্র অধিকার এবং অর্থ বা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তা প্রভাবিত করার চেষ্টা চলতে পারে না। কেউ যদি অর্থের প্রলোভন বা হুমকি দিয়ে ভোটারদের প্রভাবিত করতে চান, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন যেন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য প্রশাসনও সতর্ক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
হাসনাত অভিযোগ করেন, কিছু পক্ষ প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে তাদের বিপক্ষে ভোট দিলে ক্ষতি করা হবে। তিনি বলেন, দেবিদ্বারে এমন ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া হবে না। মানুষ স্বাধীনভাবে যাকে ইচ্ছা ভোট দেবে—এটাই গণতন্ত্রের মূল কথা।
স্থানীয় মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের প্রতিও আহ্বান জানিয়ে তিনি বলেন, অবৈধ অর্থের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে সবাইকে ভূমিকা রাখতে হবে। জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।