প্রিজাইডিং অফিসারের কাছে দরখাস্ত দেওয়ার অজুহাতে জামায়াত-শিবির ও এনসিপির প্রার্থীর এজেন্টদের সাক্ষাৎ কেন? প্রত্যেক ভোটকেন্দ্রে জামায়াত-শিবির ও এনসিপির প্রার্থীর এজেন্টরা আজ রাতে প্রিসাইডিং অফিসারের কাছে দরখাস্ত দেওয়ার অজুহাতে তার সঙ্গে সাক্ষাৎ করছেন বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব (সাধারণ সম্পাদক) রবিউল ইসলাম নয়ন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এই সদস্য সচিব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন অভিযোগ তুলে ধরেন।
এ সময় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন জানান, এটি নিশ্চিত যে জামায়াত, শিবির ও এনসিপির নেতাকর্মীরা অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই কাজটি করছে।
তিনি আরও বলেন, তারা প্রিজাইডিং অফিসারকে ম্যানেজ করার পাঁয়তারা চালাচ্ছে। এর মাধ্যমে তারা ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে এবং কোনোভাবেই যেন জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীরা ভোটকেন্দ্রের নিয়ন্ত্রণ বা দখল নিতে না পারে। সেজন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
এই ঘটনার সার্বিক বিষয় জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক (সদস্য সচিব) রবিউল ইসলাম নয়ন ‘রূপালী বাংলাদেশ’-কে বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি যাতে দেশ নিয়ে কোনো চক্রান্ত করতে না পারে, সে জন্য আমরা সতর্ক রয়েছি। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন এবং বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ইনশাআল্লাহ সবাই ধানের শীষ প্রতীকে ভোট দেবেন এবং ধানের শীষের বিজয় হবে। ধানের শীষ বিজয়ী হলে আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে এগিয়ে নিতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ।