রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে একটি ছয়তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভবনটির তৃতীয় তলায় থাকা জুতার ব্র্যান্ড অ্যাপেক্সের একটি শোরুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি জানান, আগুনের সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের পরিস্থিতি বিবেচনায় আরও দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে।
অগ্নিকাণ্ডের তাৎক্ষণিক কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর ঘটনাটি খতিয়ে দেখে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানানো হবে।