সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :

সারের দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ, সড়ক অবরোধ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন কৃষকেরা। 

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোনাহাট এলাকায় চাহিদামতো সার না পাওয়ার অভিযোগে কৃষকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় ঘটনাস্থলে যাওয়া উপজেলা কৃষি কর্মকর্তাকে কিছু সময় অবরুদ্ধ করে রাখেন তারা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সোনাহাট এলাকায় সার বিতরণ শুরু হলে চাহিদামতো সার না পাওয়ায় কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। একপর্যায়ে তারা সড়কে বসে অবরোধ করেন। খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গেলে ক্ষুব্ধ কৃষকেরা তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কৃষি কর্মকর্তাকে উদ্ধার করে।

ভূরুঙ্গামারী থানার ওসি মো. আজিম উদ্দিন বলেন, উপজেলার কোনো না কোনো ইউনিয়নে প্রতিদিনই সার নিয়ে কৃষকেরা বিক্ষোভ করছেন এবং কোথাও কোথাও সড়ক অবরোধ করছেন। এসব পরিস্থিতি সামাল দিতে পুলিশকে প্রতিদিনই যেতে হচ্ছে।

ওসি বলেন, ‘কৃষি বিভাগে কী পরিমাণ সার মজুত আছে এবং কৃষকদের চাহিদা কত, তা পরিষ্কারভাবে জানানো হলে এ ধরনের সমস্যা কমত। কৃষি বিভাগ পর্যাপ্ত সার থাকার কথা বলছে, অথচ কৃষকেরা সার না পেয়ে সড়ক অবরোধ করছেন। এসব পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে পুলিশের অন্য কাজ ব্যাহত হচ্ছে।’

এদিকে একই উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের শহীদ মোড় এলাকাতেও সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকেরা। এ সময় তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, জেলায় পর্যাপ্ত সার রয়েছে। আগাম ভুট্টা ও বেগুন চাষের জন্য কৃষকেরা বাড়তি সার মজুত করায় কোথাও কোথাও সাময়িক সংকট তৈরি হচ্ছে। সমন্বয়ের মাধ্যমে সার বিতরণের চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ২৩ আগস্ট ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজারে এক ডিলারের গুদামের বেড়া ভেঙে ২২৫ বস্তা সার নিয়ে যান কৃষকেরা। পরে প্রশাসনের আশ্বাসে ১১৫ বস্তা সার ফেরত দেন তাঁরা। ওই ঘটনায় ধলডাঙ্গা বাজারের সার ডিলার মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের বিরুদ্ধে কৃষকদের সময়মতো সার না দেওয়া ও ক্যাশমেমোতে অসংগতির অভিযোগ ওঠে। পরে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102