বগুড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ডলার চানাচুর এন্ড সেমাই কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল।
অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল। সেখানে শ্রমিকদের পায়ে মাড়িয়ে ময়দার ডো প্রস্তুত করতে দেখা যায়। একইভাবে ময়লা ও অপরিচ্ছন্ন মেঝেতে চানাচুরে মসলা মাখানোর কাজ চলছিল।
এ ছাড়া কারখানায় দীর্ঘদিনের পোড়া তেল ও অননুমোদিত রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। উৎপাদিত খাদ্যপণ্যও নোংরা ও ময়লা-আবর্জনায় ছড়িয়ে থাকা মেঝেতে সংরক্ষণ করা হচ্ছিল। কারখানার খাদ্যকর্মীরাও ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ করছিলেন না।
এসব অনিয়মকে জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ভ্রাম্যমাণ আদালত। পরে স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’-এর ৩৩ ধারা লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠান দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত ৩ লাখ টাকা জরিমানা করেন। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ অন্যান্য সাপোর্ট স্টাফ এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। তারা অভিযান পরিচালনায় সহযোগিতার পাশাপাশি সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন।
অভিযান শেষে কারখানা কর্তৃপক্ষকে সরকারের সব আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তা।