নাটো্রের সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে দুর্বৃত্তদের চাকুর আঘাতে আনারুল ইসলাম (৬০) নামের এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন।
নিহত ডাক্তার আনারুল ইসলাম পার্শ্ববর্তী রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার দাসমাড়িয়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চাঁদপুর বাজারে দোকান ভাড়া নিয়ে হোমিও চিকিৎসা দিয়ে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুর বাজারে অবস্থিত নিজের হোমিও দোকানে অবস্থানকালে অজ্ঞাতপরিচয়কে বা কারা ভেতরে ঢুকে তাকে লক্ষ্য করে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রিকো জানান, নিহতের বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক চাকুর আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) উত্তম কুমার সাহা জানায়, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।