বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে এক বন্দুকধারীর গুলিতে অন্তত দুজন নিহত হয়েছেন। এছাড়া তিন পুলিশ কর্মকর্তাসহ আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলের এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের মুখপাত্র গ্যারেট পার্টেন এক প্রেস ব্রিফিংয়ে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টা) শহরের কেন্দ্রস্থলের একটি অ্যাপার্টমেন্ট ভবনে গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। বহুতল ভবনটিতে প্রবেশের কয়েক মিনিটের মধ্যেই পুলিশ কর্মকর্তাদের নজরে আসেন ভুক্তভোগীরা।

পার্টেন জানান, ঘটনাস্থলেই একজন মারা যান। চারজনকে হাসপাতলে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

ঘটনায় আহতদের মধ্যে তিন পুলিশ কর্মকর্তাও রয়েছেন, যাদের দুজন সরাসরি গুলিবিদ্ধ হয়েছেন। চিকিৎসাধীন তিন কর্মকর্তার অবস্থাই বর্তমানে স্থিতিশীল এবং তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হেনিপিন কাউন্টি মেডিকেল সেন্টার।

 

তবে বন্দুকধারীর মৃত্যু কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান পার্টেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মিনিয়াপোলিস কনভেনশন সেন্টারের পাশের একটি ভবন ঘিরে অভিযান চালাচ্ছে ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ সদস্যরা। হামলার কারণ ও নেপথ্যের উদ্দেশ্য জানতে তদন্ত শুরু হয়েছে।

ঘটনার পরপরই এক বার্তায় মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ বলেন, “আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যেভাবে প্রথম সাড়াদানকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।” অন্যদিকে, মিনেসোটা হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার লিসা ডিমুথ এই ঘটনাকে ‘ঘৃণ্য অপরাধ’ আখ্যা দিয়ে ভুক্তভোগাীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

একই দিনে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ওয়েইনসবোরো শহরের একটি প্রাথমিক বিদ্যালয়েও বন্দুক হামলার ঘটনা ঘটে। সেখানে ১৯ বছর বয়সী এক তরুণ জোর করে স্কুলে ঢুকে এক কর্মীকে গুলি করার পর আত্মহত্যা করে।

কর্তপক্ষের মতে, এর আগে গত রবিবারেও ইলিনয়ের শিকাগো এবং নিউ জার্সির ট্রেন্টন শহরে একাধিক গণ-গোলাগুলির ঘটনা ঘটে, এতে অন্তত তিনজন নিহত এবং ১৮ জন আহত হন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102