দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে ছিনতাই, চাঁদাবাজি, মাদক এবং নারী ও শিশু নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ‘জাতীয় নারী শক্তি’।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আগের তুলনায় অনেক বেড়েছে। তরুণ সমাজের একটি বড় অংশ মাদক, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে দেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে যাচ্ছে। অথচ এসব অপরাধ দমনে সরকারের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেই।
স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন ও জনবিচ্ছিন্ন। তারা অভিযোগ করেন, মন্ত্রী নিজের মূল দায়িত্ব বাদ দিয়ে অন্য কাজে ব্যস্ত রয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে বক্তারা বলেন, তিনি চোখে ‘কাঠের চশমা’ পরে আছেন বলেই জনগণের দুর্ভোগ ও দেশের বাস্তব চিত্র দেখতে পাচ্ছেন না। অবিলম্বে সেই ‘কাঠের চশমা’ খুলে রাজপথে এসে জনগণের জানমালের প্রকৃত অবস্থা দেখার আহ্বান জানান তারা।
সমাবেশে নেতারা আরও বলেন, সাধারণ মানুষ বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। একই সঙ্গে গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় মৌলিক সেবার সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
বক্তারা অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় দেশজুড়ে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, এনসিপির যুগ্ম সদস্যসচিব শাহরিন ইরা, এনসিপির কেন্দ্রীয় সদস্য দিলারা খানমসহ নারী শক্তির বিভিন্ন পর্যায়ের নেতারা।