বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চীনের গুয়াংজু শহরে আলোচনা সভা ও ভার্চুয়াল মিলনমেলার আয়োজন করেছে চায়না বিএনপি।
গত মঙ্গলবার রাতে গুয়াংজুর একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন চায়না বিএনপির সিনিয়র নেতা সাখাওয়াত হোসেন কানন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসিফ হক রুপু।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন কানন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার জনগণের প্রত্যাশা বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি দাবি করেন, নির্বাচনী ইশতেহারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং সরকার দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করেই দেশ পরিচালনায় এগিয়ে যাচ্ছেন তারেক রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন মাহাবুবর রশীদ, ওয়ালী উল্লাহ, মো. সাখাওয়াত, হাসমত আলী মৃধা, মো. মাসুদ, মো. অপু, মো. রাকিবুল ইসলাম, মো. নাদিম আহম্মেদ ও মাহাবুব জামান-সহ চায়না বিএনপির অন্যান্য নেতারা।
আলোচনা সভায় চায়না বিএনপির নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়। এছাড়া সাকিল আহম্মেদ শাহিল-সহ আরও অনেক নেতাকর্মী ভার্চুয়ালি সভায় অংশ নেন।