গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে অভিযোগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বলানির সংকট দিনদিন প্রকট রূপ ধারণ করছে। টেকসই ও কার্যকরী পদক্ষেপ নিতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে সংশ্লিষ্ট মন্ত্রী, এমপি, কর্মকর্তারা অতীতের সরকারের উপর দায় চাপাচ্ছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আজ শনিবার বিকালে রাজধানী পল্টনের আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের ২০২৭-২৮ সেশনের নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের ছয় মাস অতিক্রম হওয়ার পরও জাতীয় সংকট নিরসনে টেকসই কোনো নীতিমালা প্রনয়ণ করতে পারেনি। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটছে। মাদকের সয়লাবে ছাত্র ও যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। নীতি নৈতিকতাহীন অমানবিক একটি সমাজ ব্যবস্থার দিকে আমরা ধাবিত হচ্ছি। এর থেকে পরিত্রাণ পেতে হলে শরীয়াভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠনের বিকল্প নেই।
এ সময় নিজেদের ব্যর্থতা ঢাকতে অতীতের উপর দায় চাপানোর সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে দলের মহাসচিব মাওলানা কাজী আতাউর রহমান বলেন, মাদক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দেশবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি সরকারকে দ্রুত আইনশৃঙ্খলা অবনতি প্রতিকারে উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।
ঢাকা মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদ মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম।
উপস্থিত ছিলেন, মুফতি অলিউল্লাহ, অধ্যক্ষ মোহাম্মদ জিল্লুর রহমান, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মাওলানা তাজুল ইসলাম, প্রভাষক ডাক্তার মুজিবুর রহমান, মুফতি ফরিদুল ইসলাম, এস এম মোস্তফা আল মামুন মনির, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, মুফতি নিজাম উদ্দিন, মুফতি আব্দুল কুদ্দুস রশিদী, মুফতি আরমান হোসাইন প্রমুখ।