শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরদিন রাজধানীর সবজির বাজারে উল্লেখযোগ্য কোনো প্রভাব দেখা যায়নি। অধিকাংশ সবজি আগের সপ্তাহের দামের কাছাকাছি অবস্থান করছে। বাজারে বেশিরভাগ সবজি প্রতি কেজি ৫০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে মৌসুম না থাকায় টমেটো ও শসার দাম তুলনামূলক বেশি রয়েছে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, করলা প্রতি কেজি ৬০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৭০ টাকা, পটল ৬০ টাকা এবং ঝিঙা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে শসা প্রতি কেজি ১০০ টাকা এবং টমেটো ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া বরবটি প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দুল ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা এবং মিষ্টি কুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৫০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে মালিবাগ বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী সাইদুর রহমান বলেন, বাজেট ঘোষণার পরদিনও সবজির দামে কোনো পরিবর্তন দেখা যায়নি। বেশিরভাগ সবজি আগের দামে বিক্রি হচ্ছে। যদিও কিছু সবজির দাম ১০০ টাকার বেশি, তবে অধিকাংশ পণ্যের দাম ৫০ থেকে ৮০ টাকার মধ্যেই রয়েছে।

বাড্ডার একটি বাজারে কেনাকাটা করতে আসা সুলতান আহমেদও একই ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, গত সপ্তাহের তুলনায় বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। বাজেট ঘোষণার প্রভাব এখনো সবজির বাজারে পড়েনি।

রামপুরা বাজারের সবজি বিক্রেতা ইয়াসিন আলি জানান, চলতি মাসের শুরুতে সবজির দাম তুলনামূলক বেশি থাকলেও বর্তমানে কিছুটা কমেছে। গত এক সপ্তাহ ধরে বাজারে অধিকাংশ সবজি ৫০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে মৌসুম না থাকায় টমেটো ও শসার দাম এখনো তুলনামূলক বেশি রয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকায় বাজারে আপাতত মূল্যস্থিতি বজায় রয়েছে। ফলে বাজেট ঘোষণার পরও সাধারণ ক্রেতারা আগের দামে সবজি কিনতে পারছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102