রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় রামিসার পরিবারের পক্ষে মামলা পরিচালনার ঘোষণা দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
বৃহস্পতিবার (২১ মে) রাতে অ্যাডভোকেট শিশির মনির তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় পরিবারের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ।’
পরে আইনজীবী শিশির মনির ঢাকা পোস্টকে বলেন, বিনা পয়সায় শিশু রামিসার পরিবারের পক্ষে মামলা পরিচালনা করব। যেন দ্রুত রামিসা ধর্ষণ ও হত্যার বিচার হয়। অপরাধী যেন যথাযথ শাস্তি পায় তার পক্ষে আইনি যুক্তি আদালতে তুলে ধরব।
গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবী সেকশন-১১ এলাকায় একটি অ্যাপার্টমেন্ট থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। মামলায় রামিসাদের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার ও অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়েছে।
হত্যাকাণ্ডের পর স্বপ্নাকে আটক করে পুলিশ। সোহেল আত্মগোপনে চলে গেলেও সন্ধ্যায় তাকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ দুই আসামিকে আজ (বৃহস্পতিবার) আদালতে হাজির করে। অজ্ঞাত আসামি পলাতক।
মামলার পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে সোহেল।