পাকিস্তানে একটি তিনতলা আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৩ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু ও তিন নারী রয়েছেন বলে জানা যায়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে করাচির সোলজার বাজার নম্বর ৩ এলাকায় ভবনের প্রথম তলায় বিস্ফোরণটি ঘটে। বৃহস্পতিবার উদ্ধার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে ভবনের একটি অংশ ধসে পড়ে এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। অনুসন্ধান কার্যক্রমে সব ধরনের প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পুলিশের প্রাথমিক ধারণা, একটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটেছে, সম্ভবত গ্যাস সাকশন মেশিন থেকে।
নিহতদের মধ্যে ১০ বছর বয়সী নাজিয়া এবং ৬০ বছর বয়সী মোহাম্মদ রিয়াজ রয়েছেন। এ ছাড়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও এক ব্যক্তির পরিচয় শনাক্তকরণের প্রক্রিয়া চলছে।
উদ্ধার অভিযানে ১৪ বছর বয়সী এক কিশোরীকে আহত অবস্থায় বের করে আনা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে, যাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের আশপাশের সরু রাস্তার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
এদিকে পুলিশ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, এখনো দুইজন ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।