দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে রাষ্ট্রদ্রোহের মামলায় যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত।২০২৪ সালের ডিসেম্বরে জারি করা সামরিক আইনকে কেন্দ্র করে এ রায় দেওয়া হয়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এ রায় ঘোষণা করে।
আদালত জানান, ২০২৪ সালের ৩ ডিসেম্বরের বিদ্রোহের মাস্টারমাইন্ড ছিলেন ইউন। এ মামলায় প্রসিকিউটররা তার জন্য মৃত্যুদণ্ড চেয়েছিলেন। সামরিক আইন জারির ঘটনায় তিনি অভিশংসিত হন এবং প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত হন।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, মামলার মূল বিষয় ছিল, ইউন জাতীয় পরিষদে সেনা পাঠিয়েছিলেন। আদালত বলেছেন, তিনি জাতীয় পরিষদের কার্যক্রম দীর্ঘ সময়ের জন্য অকার্যকর করতে চেয়েছিলেন। এর মাধ্যমে সংসদের স্বাভাবিক কার্যক্রম স্থবির করার চেষ্টা করা হয়।
৬৫ বছর বয়সী ইউন সুক ইউল শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করেছেন। আদালতে তিনি বলেন, সামরিক আইন জারির সাংবিধানিক ক্ষমতা তার ছিল। তার ভাষ্য, বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারের কাজ ব্যাহত করছিল। সেই পরিস্থিতি মোকাবিলায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছিলেন।
এই রায়ের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে বড় ধরনের আলোড়ন তৈরি হয়েছে। বিদ্রোহ ও সামরিক আইন জারির মতো গুরুতর অভিযোগে সাবেক এক প্রেসিডেন্টের দণ্ডাদেশ দেশটির ইতিহাসে তাৎপর্যপূর্ণ হিসেবে ধরা হচ্ছে।