সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

‘বেকার-ভাতা নয়, আমরা কর্মসংস্থানে বিশ্বাসী’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান বলেছেন, জামায়াত যুবসমাজকে অলস করে রাখার রাজনীতিতে বিশ্বাস করে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি নারায়ণহাট শিক্ষা কমপ্লেক্স মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা বেকারদের নামমাত্র ‘বেকার-ভাতা’ দিয়ে বসিয়ে রাখায় বিশ্বাসী নই। আমাদের লক্ষ্য হলো দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা, যাতে যুবসমাজ তাদের মেধা ও শ্রম দিয়ে দেশ গড়তে পারে এবং নিজেরা স্বাবলম্বী হতে পারে।

বক্তব্যের শুরুতে তিনি বিরোধী রাজনৈতিক শক্তির কঠোর সমালোচনা করে বলেন, যে রাজনৈতিক শক্তির কাছে দেশের মা-জননী নিরাপদ নন, তাদের হাতে দেশ ও জাতি কখনো নিরাপদ থাকতে পারে না। যারা মায়ের পেটে লাথি মারতে দ্বিধা করেনি, তারা সুযোগ পেলে বাংলাদেশের মানচিত্রেও লাথি মারবে।

জামায়াতের বিরুদ্ধে ধর্মীয় অপপ্রচারের নিন্দা জানিয়ে তিনি বলেন, একটি নির্দিষ্ট দল বিরামহীন মিথ্যাচার করছে। তারা বলছে, আমরা নাকি জান্নাত-জাহান্নামের টিকিট বিক্রি করছি। অথচ জান্নাত ও জাহান্নামের মালিক একমাত্র মহান আল্লাহ। যারা এ ধরনের নিম্নমানের অপপ্রচার চালায়, তাদের হাতে দেশের ভবিষ্যৎ নিরাপদ নয়।

মুহাম্মদ শাহজাহান আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে গণজাগরণের ডাক দিয়ে বলেন, সারাদেশে দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা কোনো ষড়যন্ত্র দিয়েই রোখা যাবে না। জনগণ আজ তাদের অধিকার আদায়ে সম্পূর্ণ সজাগ ও ঐক্যবদ্ধ। ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এই লড়াইয়ে বিজয় সুনিশ্চিত।

অধ্যাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং আবু তাহেরের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমীন।

এ ছাড়া বক্তব্য দেন উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, একরামুল হক, শহীদুল ইসলাম সাফি, আলমগীর ইউনুস ও অ্যাডভোকেট ইসমাইল গনি, এজহারুল ইসলামসহ স্থানীয় জোট নেতৃবৃন্দ। বক্তারা আসন্ন নির্বাচনে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে এসে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102