আগামী ৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এটি প্রকাশ করা হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সোমবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গতকাল ফেসবুক পোস্টে ৩ ফেব্রুয়ারি ইশতেহার ঘোষণার কথা জানালেও অনিবার্য কারণে এটি এক দিন পিছিয়ে ৪ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
অ্যাডভোকেট জুবায়ের জানান, দেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সামনে রেখে এবারের ইশতেহার প্রস্তুত করা হয়েছে। তিনি আরও জানান, ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। এতে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থা ও কূটনীতিকরা অংশ নেবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই নির্বাচনি ইশতেহারে দুর্নীতি দমন, সুশাসন, মানবাধিকার, অর্থনীতি এবং পররাষ্ট্রনীতির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হতে পারে। ইশতেহার ঘোষণার অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতোমধ্যে দলের ভেতরে ও বাইরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।