ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দাঁড়িপাল্লার পক্ষে জনস্রোত দেখে প্রতিপক্ষ ভয় পেয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার মানিকদি নামাপাড়ায় জনসংযোগকালে তিনি এসব কথা বলেন।
ডা. খালিদুজ্জামান বলেন, যতই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হোক না কেন, জনগণ এখন এসব বিশ্বাস করে না। কতিপয় গৃহপালিত মিডিয়ার মাধ্যমে মিথ্যা ছড়ানো লাভজনক হবে না, কারণ মানুষ খুব দ্রুত সত্যটি বুঝে ফেলে।
তিনি অভিযোগ করেন, যারা নারী লাঞ্ছনা, হত্যা ও ধর্ষণের সঙ্গে জড়িত, তারাই জামায়াতে ইসলামীর আমির সম্পর্কে মিথ্যা প্রচার চালাচ্ছে। যে তিনি নারীদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন এইসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
ডা. এসএম খালিদুজ্জামান আরও বলেন, দাঁড়িপাল্লার পক্ষে জনস্রোত দেখে প্রতিপক্ষ মূলত ভয় পেয়েছে। সেই ভয় থেকেই তারা নানা ধরনের প্রপাগান্ডার আশ্রয় নিচ্ছে। তবে এসব অপপ্রচার ভোটের মাঠে কোনো প্রভাব ফেলবে না।
তিনি আশা প্রকাশ করেন, জনগণ সবকিছু বুঝে গেছে এবং আসন্ন নির্বাচনে বিপুল ভোটে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে।