ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী মো. আমিনুল হক বলেছেন, ক্ষমতায় এলে জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিষয়ে নমনীয় আচরণ করা হবে। তিনি জানান, একজন ক্রীড়াবিদ হিসেবে তিনি সব সময় সাকিবের পাশে আছেন।
রোববার (১ জানুয়ারি) নির্বাচনী প্রচারণাকালে তিনি বলেন, ‘আমি একজন স্পোর্টসম্যান হিসেবে সব সময় সাকিবের পক্ষে। আল্লাহ যদি আমাদের কবুল করেন, তাহলে সাকিবের বিষয়ে আমরা নমনীয় আচরণ করবো।’
আমিনুল হক বলেন, সাকিব বাংলাদেশের একজন লিজেন্ডারি ও বিশ্ববিখ্যাত খেলোয়াড়। তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্র নেবে উল্লেখ করে তিনি বলেন, তিনি চান সাকিব যেন আবারও বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করতে পারেন।
তিনি আরও বলেন, ‘সাকিবের যে ভুলগুলো রয়েছে, সেগুলো রাষ্ট্র আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার-বিশ্লেষণ করবে। তবে সে যদি দেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করে এবং আল্লাহ যদি আমাদের কবুল করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা তার বিষয়ে নমনীয় থাকবো।’
এ সময় তিনি বর্তমান ক্রিকেট বোর্ড নিয়ে সমালোচনা করে আমিনুল হক বলেন, বর্তমান ক্রিকেট বোর্ড প্রশ্নবিদ্ধ এবং এটি সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠিত হয়নি। বোর্ড পরিচালনায় থাকা অনেকেরই পর্যাপ্ত অভিজ্ঞতা নেই, যার ফলে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, ক্ষমতায় এলে বোর্ডের সঙ্গে আলোচনা করে এসব সমস্যার সমাধান করা হবে।