নরসিংদীর শিবপুরে পারিবারিক বিরোধের জেরে মো. শরীফুল ইসলাম (২৫) নামে এক মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে নিজ বাড়ির সামনে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন তার চাচাতো ভাই শাকিল মিয়া। এ সময় জহিরুল ইসলাম নামে আরও একজন গুরুতর আহত হন।
নিহত মো. শরীফুল ইসলাম উপজেলার যোশর ইউনিয়নের জানখাঁরটেক গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে। তিনি যোশর ইউনিয়ন মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। অভিযুক্ত শাকিল মিয়া (২৩) তার চাচা বাদল মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উত্তেজিত হয়ে শরীফুলের বাড়িতে যান শাকিল। এ সময় তিনি ধারালো অস্ত্র দিয়ে শরীফুলের মাথায় আঘাত করেন। ঝগড়া থামাতে এলে তাদের চাচা জহিরুল ইসলামও গুরুতর আহত হন।
পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। পরে চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
তবে শরীফুলের অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, শরীফুলের মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। তিনি চিকিৎসাধীন অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় অভিযুক্ত শাকিলের বাবা বাদল মিয়া ও মা রেখা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।