কুষ্টিয়া-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট ইসলামি বক্তা মুফতি আমির হামজা নারী ভোটারদের কাছে ভোট চাইতে যাওয়ার সময় নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ করেছেন। এ ঘটনায় তার মাকেও অসম্মান ও দুর্ব্যবহারের শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাক্স ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে আমির হামজা তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, নারী কর্মীরা ভোট চাইতে গেলে যুবদল নেতা নাসিরের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাদের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেন এবং প্রচারণার লিফলেট কেড়ে নেন। একই সঙ্গে নারী কর্মীদের দিকে বারবার তেড়ে গিয়ে হামলার চেষ্টা করা হয়। ওই সময় নারী কর্মীদের সঙ্গে তার মাও উপস্থিত ছিলেন এবং তাকেও বাজে আচরণের শিকার হতে হয় বলে তিনি দাবি করেন।
আমির হামজা বলেন, নারীদের ওপর এমন বর্বর আচরণ রাজনৈতিক সহনশীলতার চরম লঙ্ঘন। একজন মায়ের সম্মান ও একজন নারীর মর্যাদা ক্ষুণ্ন করে কোনো রাজনীতি টিকে থাকতে পারে না।
তিনি আরও বলেন, ভোট চাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা জনগণ কখনো মেনে নেবে না।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশাসনের কাছে অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দকে সংযম ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।
আমির হামজা বলেন, ভয়, সন্ত্রাস ও নারীদের হেনস্তার রাজনীতি দিয়ে জনগণের ভালোবাসা অর্জন করা সম্ভব নয়। জনগণ ন্যায়, ইনসাফ ও মর্যাদার রাজনীতির পক্ষেই থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।