দীর্ঘদিন ধরে অনেকেই ভোট দিতে পারেননি। এবার বড় একটি সংখ্যক নতুন ভোটার যুক্ত হয়েছেন। এই আসনে প্রায় ৫২ শতাংশ নারী ভোটার রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানী ওয়ারী ৩৯ নং ওয়ার্ড এলাকা নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ইশরাক হোসেন বলেন, প্রচারণার সময় ভোটাররা তাকে আশ্বস্ত করেছেন যে তারা তাকে ভোট দেবেন এবং ধানের শীষে ভোট দিয়ে এই আসনটি জয়যুক্ত করবেন। এ সময় ভোটাররা তাদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরছেন এবং সেগুলোর সমাধানে প্রতিশ্রুতি চাইছেন।
তিনি বলেন, বর্তমানে গ্যাসের সংকট সবচেয়ে বড় সমস্যা হিসেবে সামনে আসছে। যেখানে যাচ্ছি, সেখানেই এ বিষয়ে অভিযোগ পাচ্ছি। ভোটারদের আশ্বস্ত করে বলতে চাই, নির্বাচিত হলে গ্যাসের সংকট নিরসনে কাজ করে যাবো।
বিএনপির এই প্রার্থী বলেন, জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন নাগরিক সমস্যার বিষয়ে প্রতিশ্রুতি আমার রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে যে পরিকল্পনা রয়েছে, তার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও বেকারত্ব দূরীকরণের বিষয়গুলো নিয়েও আমি ভোটারদের সঙ্গে কথা বলছি।