রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

‘হামলার পুরো ঘটনার মাস্টারমাইন্ড মির্জা আব্বাসের ঘনিষ্ঠ এক ব্যক্তি’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর হামলা করেছে। পুরো ঘটনার ‘মাস্টারমাইন্ড’ মির্জা আব্বাসের ঘনিষ্ঠ এক ব্যক্তি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে জরুরি এক সংবাদ তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমার কাছে কোনো দুর্নীতির টাকা নেই, সন্ত্রাসী টাকাও নেই। এরপরই আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। ছাত্রদলের যারা হামলা করেছে, সন্ত্রাসী হামলা করেছে, আমি পুরো বাংলাদেশের কাছে তাদের বিচার দিলাম।’

তিনি বলেন, হাবিবুল্লাহ কলেজে যাওয়ার আগেই প্রশ্নফাঁস, সন্ত্রাসী কার্যক্রম ও গভর্নিং বোর্ডের অনিয়মের অভিযোগ শুনেছিলেন। ওই কলেজের অধ্যক্ষ আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত এবং গভর্নিং বোর্ড গঠন করেছেন মির্জা আব্বাস।

নাসীরুদ্দীন বলেন, এখন সিদ্ধান্ত নিতে হবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে—দলে সন্ত্রাসীদের প্রশ্রয় দেবেন নাকি তাদের বহিষ্কার করবেন। তিনি তারেক রহমানের কাছে মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কারের দাবি জানান।

এ সময় তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে অতীতের এক ব্যক্তিগত সাক্ষাতের কথা উল্লেখ করে বলেন, খালেদা জিয়া তাদের দোয়া করেছিলেন এবং দেশ ঠিক রাখার আহ্বান জানিয়েছিলেন।

নাসীরুদ্দীন বলেন, আজ যদি তিনি সুস্থ থাকতেন তাহলে এসব কর্মকাণ্ড দেখে লজ্জা পেতেন।

হামলার জন্য দায়ী ব্যক্তিদের নাম উল্লেখ করে তিনি বলেন, সাবেক ছাত্রদল নেতাসহ কয়েকজন ব্যক্তি এই হামলায় নেতৃত্ব দিয়েছেন, যাদের অনেকেরই এখন ছাত্রত্ব নেই। তিনি দাবি করেন, পুরো ঘটনার ‘মাস্টারমাইন্ড’ মির্জা আব্বাসের ঘনিষ্ঠ এক ব্যক্তি।

তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত না হলে এবং সুষ্ঠু নির্বাচন না হলে আমরা মাঠে থাকব কেন, সেটা নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে।

নাসীরুদ্দীন বলেন, ‘ভোটে জিতি বা না জিতি, ঢাকা-৮ এলাকায় কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম হতে দেব না—এটাই আমার অঙ্গীকার। তিনি ১২ তারিখের ভোটে জনগণ সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে বলে আশাবাদ প্রকাশ করেন।’

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102