রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রীর সঙ্গে বিজ্ঞানমন্ত্রীর বৈঠক, আলোচনায় এসএমআর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ব্যবহার, স্মল মডুলার রিঅ্যাক্টর (এসএমআর), জ্বালানি নিরাপত্তা এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময় নিয়ে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দুই দেশের মন্ত্রীর মধ্যে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক পারমাণবিক প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রযুক্তি এসএমআর নিয়ে বাংলাদেশের আগ্রহের বিষয়টি তুলে ধরেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।

ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই উন্নয়নের জন্য আধুনিক ও নিরাপদ পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে এসএমআরের সম্ভাবনা বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

 

তিনি বলেন, বাংলাদেশ পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ, নিরাপদ, সুরক্ষিত ও দায়িত্বশীল ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে যুক্তরাষ্ট্রসহ প্রযুক্তিগতভাবে অগ্রসর দেশগুলোর সঙ্গে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় আরও বাড়ানো প্রয়োজন।

বৈঠকে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বাংলাদেশের সঙ্গে জ্বালানি ও পারমাণবিক প্রযুক্তি নিয়ে সহযোগিতার সম্ভাবনার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি আধুনিক পারমাণবিক প্রযুক্তি এবং এসএমআরের উন্নয়ন ও সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের বিষয়টি তুলে ধরেন।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় পরবর্তী প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি, বিশেষ করে এসএমআরের দ্রুত উন্নয়ন ও ব্যবহারকে গুরুত্ব দিচ্ছে। বৈঠকে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা, এসএমআর প্রযুক্তি, জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা ও সহায়তা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়।

এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর করার আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি এবং জ্বালানি খাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার বিষয়েও আগ্রহ দেখানো হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং উন্নত প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার। সম্প্রতি উন্নত পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের সম্ভাবনা নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে মতবিনিময় বাড়িয়েছে বাংলাদেশ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102