রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। সম্প্রতি গণমাধ্যমে প্রতিষ্ঠানটির বিনিয়োগ ও পরিচালনা সংক্রান্ত কিছু খবরের প্রেক্ষিতে দারাজ জানিয়েছে, তাদের নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং বাংলাদেশে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

দারাজ কর্তৃপক্ষ বলেছে, সাম্প্রতিক আলোচনায় যেসব বিষয় উঠে এসেছে, তা প্রতিষ্ঠানটির বর্তমান কৌশলগত অগ্রাধিকার বা দৈনন্দিন কার্যক্রমের সঠিক প্রতিফলন নয়। প্রতিষ্ঠানটি বাংলাদেশে তাদের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবস্থান স্পষ্ট করেছে।

প্রতিষ্ঠানটি জানায়, তারা পরিচালন দক্ষতা ও গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে প্রযুক্তিনির্ভর সমাধানে বিনিয়োগ অব্যাহত রেখেছে। বাংলাদেশে একটি টেকসই ও দীর্ঘমেয়াদি ডিজিটাল বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলাই তাদের মূল কৌশল।

গত এক বছরে দারাজের প্ল্যাটফর্মে নতুন করে ৭ হাজারেরও বেশি বিক্রেতা যুক্ত হয়েছেন, যা তাদের বিক্রেতা ইকোসিস্টেমের ধারাবাহিক সম্প্রসারণের ইঙ্গিত দেয়। স্থানীয় উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সুযোগ তৈরির মাধ্যমে কর্মসংস্থান ও আয় বৃদ্ধিতেও এটি ভূমিকা রাখছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দারাজ বিভিন্ন মানবিক কার্যক্রমেও যুক্ত রয়েছে। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে বিভিন্ন সংস্থার সঙ্গে অংশীদারিত্ব ও কর্মীদের অনুদানের মাধ্যমে ১ কোটি ২০ লাখ টাকারও বেশি সহায়তা প্রদান করা হয়েছিল বলে জানানো হয়।

দারাজ বাংলাদেশের এক মুখপাত্র বলেন, “দারাজ বাংলাদেশে তার কার্যক্রম পরিচালনায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। বাংলাদেশ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। আমরা টেকসই প্রবৃদ্ধি এবং দেশের ডিজিটাল অর্থনীতির উন্নয়নে কাজ করছি।”

তিনি আরও বলেন, ব্যবসার স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে সাংগঠনিক কাঠামো পর্যালোচনা করে থাকে, যাতে দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্যগুলোর সঙ্গে কার্যক্রমের সামঞ্জস্য বজায় থাকে।

বাংলাদেশের ই-কমার্স খাতে বিক্রেতা, ব্র্যান্ড ও গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দারাজ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি বিক্রেতা সক্ষমতা বৃদ্ধি, গ্রাহক অভিজ্ঞতা উন্নয়ন এবং ডিজিটাল বাণিজ্যের প্রসারে কাজ করছে।

ইন্টারনেট ব্যবহার ও স্মার্টফোনের বিস্তার বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশে ই-কমার্স খাতের সম্ভাবনাও বাড়ছে। এ প্রেক্ষাপটে প্রযুক্তিগত সক্ষমতা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102