চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে ঘটল এক অভাবনীয় ঘটনা। একদিকে যখন উচ্চপ্রযুক্তির মোবাইল ফোন ব্যবহার করে নকল করার দায়ে ৫১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, ঠিক তখনই এক পরীক্ষার্থীর ব্যাগ থেকে উদ্ধার হয়েছে পিস্তল! তাও আবার খেলনা পিস্তল।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ছিল মাধ্যমিকের নিয়মিত বিষয়ের শেষ পরীক্ষা। আর এই শেষ দিনেই ধরা পড়েছে অদ্ভুত সব ঘটনা।
আনন্দবাজারের প্রতিবেদনে জানা গেছে, পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের প্রবণতা এ বছর সব রেকর্ড ছাড়িয়েছে। গত সাত দিনে ৫১ জন পরীক্ষার্থীকে মোবাইলসহ হাতেনাতে ধরা হয়েছে। এবং তাদের সবার পরীক্ষা বাতিল করা হয়েছে।
পর্ষদ কর্মকর্তাদের দাবি, ধরা পরা মোবাইলগুলো পরীক্ষা করে দেখা গেছে, নকল করার এই কর্মকাণ্ডে পরিবারের সদস্যদের প্রত্যক্ষ মদত ছিল। হোয়াটসঅ্যাপ বা সাধারণ মেসেজে পরিবারের লোকেদের বার্তা পাওয়া গেছে।
বুধবার ১১ ফেব্রুয়ারি পরীক্ষায় হুগলি ও পূর্ব বর্ধমানের দুটি স্কুল থেকে পরীক্ষার শেষ ২০ মিনিটেও পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে।
অন্যদিকে, বর্ধমান শহরের উদয়পল্লী শিক্ষা নিকেতন হাই স্কুলে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। এক পরীক্ষার্থীর ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় একটি খেলনা পিস্তল।
বিষয়টি জানাজানি হতেই কেন্দ্রে চাঞ্চল্য ছড়ায়। পরে পুলিশ এসে নিশ্চিত করে যে সেটি খেলনা পিস্তল ছিল। পিস্তলটি বাজেয়াপ্ত করা হলেও ওই পরীক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়।