সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর ড্রোন হামলায় দুই শিশু নিহত এবং আরও ১২ জন আহত হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দক্ষিণ কোরদোফানের এল-রাহাদ শহরে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় একটি চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বার্তা সংস্থাটি জানায়, ২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফ ও দেশটির নিয়মিত সেনাবাহিনীর মধ্যে চলমান যুদ্ধে কোরদোফান অঞ্চল বর্তমানে সবচেয়ে তীব্র সংঘাতপূর্ণ এলাকায় পরিণত হয়েছে।
হামলার প্রত্যক্ষদর্শী আহমেদ মুসা এএফপিকে বলেন, আমি অন্তত এক ডজন শিক্ষার্থীকে আহত অবস্থায় দেখেছি। ড্রোনটি একটি হাফেজিয়া মাদ্রাসায় আঘাত হানে।
গত ফেব্রুয়ারিতে সেনাবাহিনী এল-রাহাদ শহরটি পুনর্দখল করে। দ্রুত অভিযানের অংশ হিসেবে তারা পশ্চিম দিকে অগ্রসর হয়ে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এল-ওবেইদের অবরোধ ভাঙে।
এরপর থেকে আরএসএফ আবারও এল-ওবেইদকে পুনরায় ঘিরে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে তারা দারফুরের বিস্তীর্ণ পশ্চিমাঞ্চলকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্তকারী পূর্ব মহাসড়কে ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে।
যুদ্ধ শুরুর পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা বিশ্বে সবচেয়ে বড় ক্ষুধা ও বাস্তুচ্যুত সংকট সৃষ্টি করেছে।