বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

ইয়েমেনে সরকারি ভবন উড়িয়ে দেওয়ার চেষ্টা বিচ্ছিন্নতাবাদীদের, বহু হতাহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

সংঘাত ও দারিদ্র্যে জর্জরিত ইয়েমেনের দক্ষিণাঞ্চলের আতাক শহরের একটি স্থানীয় সরকারি ভবন উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি)। এ হামলার ঘটনায় বেশ কয়েকজন নিহত আরও কয়েক ডজন আহত হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়। হামলার সময় এসটিসি সংশ্লিষ্ট সশস্ত্র যোদ্ধারা নিরাপত্তা ও সামরিক কর্মীদের ওপর আক্রমণ করে এবং গুলি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি বাহিনী হস্তক্ষেপ করলে হতাহতের ঘটনা ঘটে।

দক্ষিণ ইয়েমেনে অবস্থিত শাবওয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের উপপ্রধান রামি লামলাস জানান, এসটিসি–সমর্থিত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা ও সামরিক বাহিনী অভিযান চালালে পাঁচজন নিহত এবং ৩৯ জন আহত হন।

স্থানীয় সূত্র জানায়, এসটিসির সমর্থকেরা আতাক শহরে একটি মিছিল বের করেন। পরে তারা স্থানীয় সরকারি ভবনের দিকে এগিয়ে গিয়ে সেটি দখলের চেষ্টা করেন এবং জাতীয় পতাকা নামিয়ে ফেলার উদ্যোগ নেন।

সৌদি আরব–সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল (পিএলসি) নতুন মন্ত্রিসভা ঘোষণার কয়েক দিনের মধ্যেই এই ঘটনা ঘটল। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নির্বাহী সংস্থা পিএলসি দেশটির বিভক্ত পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন রাজনৈতিক ও আঞ্চলিক প্রতিনিধিত্ব রেখে নতুন মন্ত্রিসভা গঠন করে।

গত মাসে সৌদি আরবের সমর্থনে পিএলসি দক্ষিণ ইয়েমেনে নিজেদের নিয়ন্ত্রণ জোরালো করে। এর আগে এসটিসি দুটি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দখলের চেষ্টা করে, কিন্তু তা ব্যর্থ হয়। এর ফলে তাদের কাঠামো ভেঙে যায় এবং সংগঠনটি বিলুপ্ত হয়।

একই সঙ্গে এসটিসিকে সমর্থন দেওয়া সংযুক্ত আরব আমিরাতের বাহিনীও দক্ষিণ ইয়েমেন থেকে সরে যায়। সবশেষ সংঘাতের ঘটনায় শাবওয়ার নিরাপত্তা কমিটি জানিয়েছে, যারা উসকানি দেয়া, হামলার পরিকল্পনা করা বা অস্ত্র ব্যবহার করার সঙ্গে জড়িত বলে প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102