গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর বলেছেন, তারেক রহমান জাতীয় সরকার গঠনে আপনাদের সন্তানকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গলাচিপা হাই স্কুল মাঠে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভিপি নুর বলেন, তারেক রহমান জাতীয় সরকার গঠনে আপনাদের সন্তানকে মন্ত্রী বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তাই দশমিনা ও গলাচিপাকে আর পিছিয়ে রাখবেন না।
উন্নয়ন থেকে বঞ্চিত করবেন না। যদি জাতীয় সরকার গঠনে ভূমিকা রাখতে চান, আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাক মার্কায় ভোট দিতে হবে।
তিনি আরও বলেন, এ অঞ্চলের হাতে বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু সঠিক সিদ্ধান্ত না নিলে ভবিষ্যৎ শুধু দুর্ভোগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এলাকার উন্নয়ন ও ছেলেমেয়েদের চাকরি-বাকরির সুযোগ নিশ্চিত করতে হলে সবাইকে সচেতনভাবে ভোট দিতে হবে।
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। এ সময় জনসভায় বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।