মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

পে-স্কেল বাস্তবায়ন করবে বিএনপি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিএনপি যথাসময়ে পে-স্কেল বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৭ নভেম্বরের আধিপত্যবাদবিরোধী আন্দোলন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলন, শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং সর্বশেষ ২০২৪ সালের স্বাধীনতা রক্ষার সংগ্রাম-ইতিহাসের প্রতিটি বাঁকে অসংখ্য মানুষ দেশের জন্য অকাতরে জীবন দিয়েছেন।’

তিনি বলেন, একটি প্রাণের সমাপ্তির মধ্য দিয়ে শেষ হয়ে যায় একটি পরিবারের স্বপ্ন, আশা ও সম্ভাবনা। কোনো কিছুর বিনিময়েই সেই ক্ষতির পূর্ণ প্রতিদান দেওয়া সম্ভব নয়। তবে আমরা যারা এখনো বেঁচে আছি, আমাদের দায়িত্ব হলো—শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা।

তারেক রহমান বলেন, ন্যায়ভিত্তিক, মানবিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই হতে পারে দেশ ও জনগণের জন্য উৎসর্গকৃত সব প্রাণের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা। গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা সম্ভব নয়।

বিএনপি ক্ষমতায় এলে দেশে-বিদেশে অন্তত এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান।

আর পে-স্কেলের অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচিত হয়ে সরকার গঠন করলে যথাসময়ে পে-স্কেল ঘোষণা করা হবে।

তিনি বলেন, ড্রপআউট হওয়া শিক্ষার্থীদের বেকারত্ব রুখতে উচ্চ বিদ্যালয় থেকে কারিকুলামে কারিগরি ও ব্যবহারিক শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে পরিকল্পনা সাজিয়েছে বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণ দেশের মালিকানা ফিরে পাবে বলে আমি বিশ্বাস করি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102