ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট জয়লাভ করলে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় ১১ দলীয় ঐক্যের নির্বাচনি জনসভায় ডা. শফিকুর রহমান এ ঘোষণা দেন।
তিনি বলেন, যুবক বন্ধুরা, তোমরা বাংলাদেশের দায়িত্ব গ্রহণের জন্য তৈরি হও। নাহিদ ইসলামকে আমরা প্রার্থী করেছি। জনগণের ভোটে ইনসাফের সরকারের প্রতিষ্ঠা হলে নাহিদ ইসলাম মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। আমরা একসঙ্গে হাত ধরে কাজ করব। নাহিদরা আগামী দিনের বাংলাদেশ পরিচালনার ক্যাপ্টেন হবে। আর আমরা পেছনের সিটে প্যাসেঞ্জার হিসেবে থাকব।
জামায়াত আমির আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন কেউ থামাতে পারবে না। এ দেশের মানুষ মেধাবী ও পরিশ্রমী। অতীতের নেতৃত্বে সততার অভাব ছিল, দুর্নীতিমুক্ত থাকার শপথ ও দেশের প্রতি দায়বোধও ছিল না। এ জন্যই দেশ এগোয়নি। যুবকরা আমাদের আশা রক্ষা করবে এবং দেশকে সামনে এগিয়ে নেবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, সারা দেশ জেগে উঠেছে। আমরা দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের জীবন, সম্পদ এবং ইজ্জতের রক্ষাকবচ হব আমরা। দেশের মালিক নয়, জনগণের সেবক হব।
তিনি যোগ করেন, আমরা এমন কোনো আশ্বাস দেব না, যা বাস্তবায়ন করতে পারব না। যা বলব, আল্লাহর ওপর ভরসা করে সেটিই করতে চেষ্টা করব। জুলাই মাসের মতো সহযোগিতা পেলে আগামীর দায়িত্বও আমরা সুষ্ঠুভাবে পালন করব।
জামায়াত আমির শেষ করেন, চলুন, একটি দমনমুক্ত, চাঁদাবাজমুক্ত, আধিপত্যবাদমুক্ত এবং ন্যায়-ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা একসঙ্গে এগিয়ে যাই। আল্লাহ আমাদের তৌফিক দিন।