আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা এবং সাংবাদিকদের সুরক্ষায় একগুচ্ছ সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন পুনঃনিরীক্ষণ, সাংবাদিক নির্যাতন রোধে বিশেষ সেল গঠন এবং ‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পাবে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে শক্তিশালী করা এবং নির্ভীক সাংবাদিকতার পরিবেশ ফিরিয়ে আনতেই এসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ইশতেহারে আরও বলা হয়, বিএনপি নির্ভীক ও পক্ষপাতহীন সাংবাদিকতাকে সম্মান করে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বীকৃতি নিশ্চিত করতে দলটি প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সমালোচনাকে স্বাগত জানিয়ে রাষ্ট্র সাংবাদিকদের মতপ্রকাশ ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করবে।
গণমাধ্যম, গণমাধ্যমকর্মী এবং গণমাধ্যম অফিসের ওপর যেকোনো ধরনের হামলা ও আগ্রাসন কঠোরভাবে প্রতিহত করার ঘোষণাও রয়েছে ইশতেহারে।
এ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের অঙ্গীকার করা হয়েছে। সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে এবং নির্যাতন রোধে একটি বিশেষ সেল গঠন করা হবে।
মতপ্রকাশের স্বাধীনতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে একটি স্বাধীন, শক্তিশালী ও জবাবদিহিমূলক মিডিয়া রেগুলেটরি কাঠামো গড়ে তোলার কথাও বলা হয়েছে।
ফ্যাক্ট-চেকিং সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য ও অপপ্রচার রোধে ব্যবস্থা নেওয়া হবে। শিশু, নারী ও সংখ্যালঘুদের সুরক্ষা এবং গণমাধ্যমে নৈতিকতা বজায় রাখতে নাগরিকদের অনলাইনে অভিযোগ দাখিলের সুযোগ থাকবে এবং ৩০ দিনের মধ্যে তা নিষ্পত্তির বিধান করা হবে।
সাংবাদিকদের ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের ঘোষণাও রয়েছে ইশতেহারে। এর মাধ্যমে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এ ছাড়া সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপন বরাদ্দে দীর্ঘদিনের রাজনৈতিক পক্ষপাতের অবসান ঘটানোর সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে বিএনপি।