রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

একটি দল নারীদের নিয়ে কলঙ্কজনক ভাষা ব্যবহার করেছে : তারেক রহমান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দলের একজন নেতা কর্মজীবী নারীদের নিয়ে যে ভাষা ব্যবহার করেছেন, তা রীতিমতো কলঙ্কজনক ও নিন্দনীয়। নারীদের পেছনে রেখে যত বড় কথাই বলা হোক, কোনোভাবেই দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনার খালিশপুর প্রভাতী স্কুলমাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, তারা বলে ইসলাম কায়েম করবে, অথচ আমাদের নবী (সা.)-এর স্ত্রী বিবি খাদিজা (রা.) নিজেও একজন ব্যবসায়ী ও কর্মমুখী নারী ছিলেন। যে দলের নেতা এভাবে নারীদের নিয়ে কথা বলে, তারা যদি ক্ষমতায় আসে, তাহলে নারীদের কীভাবে অপদস্থ করতে পারে, তা ভাবাই যায়। একাত্তরে এ ধরনের উদাহরণ আমরা দেখেছি। ওই দলের পূর্বসূরিরা তখন নারীদের সঙ্গে কী আচরণ করেছিল, ইতিহাস তার সাক্ষী।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচনের আগেই দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দি রাখতে চায়, নারীদের নিয়ে অসম্মানজনক শব্দ ব্যবহার করে। যারা মানুষের মর্যাদা বোঝে না, তাদের হাতে কেউ নিরাপদ থাকতে পারে না।

ধর্মের অপব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, একটি দল নিজেদের প্রয়োজন অনুযায়ী ধর্মকে ব্যবহার করছে। ক্ষমতায় যাওয়ার আগে যারা নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়, তারা নির্বাচিত হলে দেশের অর্ধেক জনগোষ্ঠীর সঙ্গে কী আচরণ করবে, সে প্রশ্ন জনগণের সামনে। বাংলাদেশের গার্মেন্টস শিল্প থেকে শুরু করে প্রতিটি পরিবারে নারীরা এখন সংসার চালাচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে স্বামী-স্ত্রী দুজনই উপার্জন করছেন। অথচ একটি দল তাদের অপমান করছে।

নারীদের উদ্দেশ করে তিনি বলেন, মা-বোনদের বলব, যারা নারীদের অপমান করে, তাদের কীভাবে জবাব দেবেন, তা ভেবে দেখুন। যে দলে নিজেরাই নারী সদস্য রয়েছে, সে দলই যদি নারীদের অবমাননা করে, তাহলে তাদের প্রকৃত পরিচয় কী—সেই প্রশ্ন জনগণকেই করতে হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, দেশজুড়ে সমালোচনা শুরু হলে ওই দল দাবি করেছে, তাদের আইডি হ্যাক হয়েছে। অথচ বিশেষজ্ঞরা স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো ধরনের হ্যাকিং হয়নি। নিজেদের স্বার্থ রক্ষায় তারা মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে।

নারীসমাজকে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি গৃহিণী ও মায়ের কাছে আমরা ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেব। এর মাধ্যমে নারীরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবেন, কাউকে তাদের মুখাপেক্ষী হতে হবে না। খালেদা জিয়ার সরকার নারী শিক্ষাকে বিনামূল্যে করেছিল, যাতে এই বিশাল জনশক্তি আলোকিত হতে পারে। আমরা সেই ধারা বজায় রেখে দেশ পুনর্গঠন করতে চাই।

গত ১৬ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত পনেরো-ষোলো বছর মানুষ ভোটের অধিকার পায়নি, মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারেনি। কেউ কথা বলতে চাইলে তাকে রাতের আঁধারে গুম বা খুন করা হয়েছে। বহু নেতাকর্মী গায়েবি মামলার শিকার হয়েছেন। অবশেষে ২০২৪ সালের জুলাই-অগাস্টে মানুষ রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় দিয়েছে।

খুলনাকে মৃত শিল্প নগরী উল্লেখ করে তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি সরকার গঠন করলে গ্যাস সরবরাহ নিশ্চিত করে খুলনা পুনরায় জীবিত করা হবে। তরুণদের জন্য আইটি পার্ক এবং নারী-পুরুষ উভয়ের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এ ছাড়া খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ প্রবর্তন করা হবে।

বক্তব্যের শেষে তিনি উপস্থিত জনতাকে আহ্বান জানান, যারা আপনাদের অপমান করেছে, তাদের জবাব দেওয়ার সময় এসেছে। ১২ তারিখ ব্যালটের মাধ্যমে আপনারা আপনার অধিকার ফিরে পাবেন, ইনশাআল্লাহ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102