আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ ২২ বছর পর সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে ঘিরে এখন বিভাগজুড়ে বইছে উৎসবের আমেজ।
দলীয় সূত্রে জানা গেছে, এই সমাবেশ থেকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১৪টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। একইসঙ্গে অবহেলিত দক্ষিণাঞ্চলের সংকট, উন্নয়ন ভাবনা ও নির্বাচনি দিকনির্দেশনা তুলে ধরবেন তিনি।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, এই জনসমাবেশকে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় নির্বাচনি সমাবেশে রূপ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। আনুমানিক আট লাখ মানুষের উপস্থিতি টার্গেট করে ইতোমধ্যে সমন্বয়, শৃঙ্খলা, আবাসন, মিডিয়া ও নিরাপত্তাসহ ছয়টি উপ-কমিটি গঠন করা হয়েছে। ঢাকা থেকে আনা হচ্ছে বিশাল মঞ্চ ও আধুনিক সাউন্ড সিস্টেম। নগরী ও আশপাশের এলাকায় ইতোমধ্যে মাইকিং ও প্রচার কার্যক্রম শুরু হয়েছে।
খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘দীর্ঘদিন ধরে অবহেলিত দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে তারেক রহমান সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেবেন। তার বক্তব্য আগামী নির্বাচনে নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।’
উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালে খুলনায় কোনো সমাবেশে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে খুলনার জনসভা শেষে বিকেলেই যশোর উপশহর মাঠে আরেকটি নির্বাচনি জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।