ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে শান্তিনগরে বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় জোট।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে শান্তিনগর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে, এ দিন বেলা ১২টার দিকে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজের একটি পিঠা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে ছাত্রদল পরিচয়ে ধানের শীষ স্লোগান দিয়ে তার ওপর হামলা চালানো হয় বলে তিনি ফেসবুকে অভিযোগ করেছেন।
পাটওয়ারী স্ট্যাটাসে লিখেছেন, শান্তিনগর হাবিবুল্লাহ বাহার কলেজে ছাত্র নামধারী সন্ত্রাসীরা আমার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ডিম, পচা পানি, ইট-পাটকেল নিক্ষেপ করা হয় এবং তারা ‘ধানের শীষ ধানের শীষ’ স্লোগান দেয়। আমাদের প্রতিবাদ মিছিল চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গণসংযোগ চলাকালে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত হয়ে নাসীরুদ্দীনের ওপর ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি ঘটে, যার ফলে ওই এলাকায় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, একটি গণতান্ত্রিক নির্বাচনে সবার সমানভাবে প্রচারণা চালানোর অধিকার থাকা সত্ত্বেও আমাদের কর্মসূচিতে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হয়েছে। এ সময় আমার ওপর হামলার চেষ্টা করা হয়েছে।